বরিশালে ভোগান্তিতে ৬৬৯ নিরাপত্তাকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগে কৃষি ব্যাংকের ১১৩টি শাখার ৬৬৯ জন নিরাপত্তাকর্মীর কাছ থেকে চুক্তি নবায়নের জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা করে দাবি করা হচ্ছে। জেএসএস সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামে তাঁদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
কৃষি ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগে কৃষি ব্যাংকের ১১৩টি শাখার জন্য ৬৬৯ জন নিরাপত্তাকর্মী দেওয়ার জন্য জেএসএস সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রত্যেক নিরাপত্তাকর্মীর জন্য মাসে প্রায় ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে। ২০১৫ সালে মেয়াদ শেষ হলে আবার দুই বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়। এ জন্য তাঁদের কাছ থেকে ১৫ হাজার টাকা দাবি করেছে জেএসএস সিকিউরিটি সার্ভিসেস। এ ব্যাপারে প্রতিকার চেয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাংকের কাছে আবেদন করেছেন। বিষয়টি জেএসএস সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ওই কর্মীদের অভিযোগ, নিয়োগ দেওয়ার সময় নিয়োগপ্রতিষ্ঠান প্রত্যেকের কাছ থেকে ১২ হাজার করে টাকা নিয়েছে। সন্তোষজনকভাবে কাজ করায় ব্যাংক আবার তাঁদের রেখে নতুন চুক্তি করেছে। কিন্তু কোম্পানি প্রত্যেকের কাছে ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করছে। টাকা না দেওয়ায় ফেব্রুয়ারি ও মার্চের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে টাকা না দিলে চাকরি থেকে ছাঁটাইয়েরও।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘মাত্র পাঁচ হাজার টাকা বেতনে চাকরি নিয়েছি। বোনাস বা উৎসব ভাতাও নেই। ব্যাংক থেকে প্রত্যেক কর্মী বাবদ কোম্পানি প্রায় এক হাজার টাকা পাচ্ছে। দুই বছরের মাথায় এসে আবারও ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেছে কোম্পানি। যে টাকা বেতন পাই, তা দিয়ে সংসারই চলে না। এখন আবার অতিরিক্ত টাকা দেব কোথা থেকে।’
আরেক কর্মী বলেন, ‘শুরুতে কোম্পানি শুধু বরিশাল অঞ্চলে কৃষি ব্যাংকে কর্মরত কর্মীদের কাছ থেকে ৮০ লাখ ২৮ হাজার টাকা নিয়েছে। এখন আবার এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতেও সাহস করে না। কথা বলায় এর মধ্যে বেশ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে।’
কৃষি ব্যাংক বরিশাল অঞ্চলের মহাব্যবস্থাপক আফজালুল করিম বলেন, ‘কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের সঙ্গে দরপত্রের মাধ্যমে নিরাপত্তাকর্মী নিয়োগ হয়েছে। কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। চুক্তি অনুযায়ী নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কৃষি ব্যাংক।’
জানতে চাইলে জেএসএস লিমিটেড বরিশালের তত্ত্বাবধায়ক আকবর আলী প্রথম আলোকে বলেন, ‘কোম্পানি নিরাপত্তাকর্মীদের কাছ থেকে সার্ভিস চার্জ বাবদ একটা খরচ নেবে। তবে এর পরিমাণ কত, আমার জানা নেই।’
কোম্পানিটির প্রধান ব্যবস্থাপক মাহাদী হাসান বলেন, ‘নিরাপত্তাকর্মী নিয়োগের সময় দুই বছরের সার্ভিস চার্জ বাবদ ১২ হাজার টাকা নেওয়া হয়েছে। দুই বছর পর আবার সমপরিমাণ অর্থ চাওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ঠিক নয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের বেতন বন্ধ রাখা হয়েছে।’