বরিশালে মদ পান করে চারজনের মৃত্যু, অসুস্থ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে বিষাক্ত মদ পান করে গত দু্ই দিনে চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন ব্যক্তি। মৃত ব্যক্তিরা হলেন আতাহার আলী খান, খলিল খান, মোহাম্মদ আলী ও শওকত হোসেন।অসুস্থ নুরুল ইসলাম, ছোটকা ও আলো মিয়াকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার বাসিন্দা আতাহার আলী খান (৬০) পেশায় একজন রিকশাচালক। তিনি নিয়মিত দেশি মদ পান করতেন। মদ পান করে গত মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। আতাহারকে শেবাচিমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগের রাতে আতাহারের ছোট ভাই খলিল খান (৪০) মদ পান করে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।নগরের ওসমান সড়ক এলাকার বাসিন্দা এনছান আলী জানান, তাঁর ছেলে শওকত হোসেন (৪০) নিয়মিত মদ পান করতেন। গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শেবাচিমে ভর্তি করা হয়। সেখানে ওই রাতেই তিনি মারা যান। একই রাতে মদ পান করে নিজ বাসায় মারা যান ধান গবেষণা রোডের বাসিন্দা মোহাম্মদ আলী (৪০)।বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার গতকাল বুধবার প্রথম আলোকে জানান, গত দুই দিনে চার ব্যক্তি মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা সবাই মদ পান করতেন। কিন্তু বিষাক্ত মদ পানে তাঁরা মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।