বরিশালে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক গৃহবধূ ও তাঁর তিন মাসের শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. খোকন হাওলাদার (৩৫) পলাতক। প্রথমে শিশুটিকে গলা কেটে এবং পরে কুপিয়ে গৃহবধূকে হত্যা করে তিনি পালিয়ে যান বলে পুলিশ ধারণা করছে।

নিহতরা হলেন গৃহবধূ সুখী বেগম (২৫) ও শিশুকন্যা আকলিমা। বরিশাল বিমানবন্দর থানার পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। খোকনের বাড়ি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, খোকন রিকশা-ভ্যান চালাতেন। তিনি আগে আরও দুটি বিয়ে করেন। ওই দুই বিয়ের বিষয় গোপন করে দুই বছর আগে তিনি উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের কাশেম হাওলাদারের মেয়ে সুখী বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি বিভিন্ন সময় তাঁর স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। অর্থ না পেলে স্ত্রীকে মারধর করতেন। এ কারণে ছয় মাস আগে সুখী বেগম বাবার বাড়ি চলে যান। গত বুধবার খোকন শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী-কন্যাকে নিজের বাড়ি নিয়ে আসেন। সুখী বেগমের বড় ভাই মো. মিন্টু হাওলাদার অভিযোগ করেন, খোকন বিভিন্ন সময় অর্থের জন্য তাঁর বোনকে মারধর করতেন। বিয়ের সময় তাঁরা খোকনকে ১০ হাজার টাকা দেন। শিশু আকলিমার জন্মের সময় মা ১৫ হাজার টাকা দেন। এমনকি খোকনের ১২ হাজার টাকা ঋণ তাঁরা পরিশোধ করেন। গত বুধবার তিনি সুখী ও আকলিমাকে তাঁর বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে তাঁরা জানতে পারেন, সুখী ও তাঁর কন্যাকে হত্যা করা হয়েছে।

খোকন হাওলাদারের সৎমা দেলোয়ারা বেগম জানান, বুধবার দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি আসেন খোকন। তাঁর পাশের ঘরে থাকতেন তাঁরা। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। সকালে খোকন বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে তাঁকে বলে যান, সুখীর শরীর খারাপ। তাঁকে যেন তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠানো হয়। সকাল ১০টায়ও তাঁদের সাড়া-শব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। ঘরের সামনে গিয়ে দরজায় তালা দেখেন। পরে পুলিশ এসে তালা ভেঙে শিশু আকলিমা ও সুখীর লাশ উদ্ধার করে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবেই শিশুকন্যাসহ তার মাকে হত্যা করা হয়েছে। শিশুটির গলা কাটা এবং মায়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বেলা সোয়া ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুখী বেগমের ভাই মিন্টু হাওলাদার বাদী হয়ে মামলা করেছেন।