বরিশালে মাদক ব্যবসার দায়ে নারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মাদক ব্যবসার দায়ে নিপা আক্তার নামের এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত নিপা আক্তার বরিশাল নগরের দপ্তরখানার এলাকার ঘোষ গলির বাসিন্দা।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৩ সালের ২৪ নভেম্বর নগরের আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল নিপা আক্তারদের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ওই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই বছরের ২৯ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম কবির নিপা আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক গতকাল নিপা আক্তারকে কারাদণ্ডাদেশ দেন।