বরিশালে মাদক মামলায় যাবজ্জীবন
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই দণ্ড দেন।
আদালত সূত্র জানায়, দণ্ডিত মরিয়ম বেগম ওরফে চমচম ঝিনাইদহ জেলার মির্জাপুরের কাচখোলা এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। মরিয়ম বেগমের অনুপস্থিতিতে গতকাল বিচারক এই রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি লস্কর নূরুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট বরিশাল নগরের শেরেবাংলা সড়ক থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ মরিয়মকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। ওই দিনই নগরের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সরদার ইব্রাহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
একই বছরের ২৭ সেপ্টেম্বর মরিয়মকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।