বরিশালে মাদকসহ যুবলীগ নেতা আটক
বরিশালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হককে (৩৪) ১৫৩ পিস ইয়াবা বড়িসহ আটক করেছে র্যাব-৮। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গত সোমবার গভীর রাতে নগরের দরগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮-এর পরিচালক লে. কর্নেল ফরিদুল আলম জানান, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজ খলিফার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এনামুল হকের লুঙ্গিতে পেঁচানো পলিথিন থেকে ১৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এনামুল হক ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, এনামুল হক নামে একজনকে মাদকসহ র্যাব আটক করে। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।