বরিশালে মিঠা পানির কুমির উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের বালিগ্রামের একটি পুকুর থেকে গত মঙ্গলবার একটি মিঠা পানির কুমির উদ্ধার করা হয়েছে। সাড়ে ছয় ফুট লম্বা কুমিরটি পরে পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
এর আগে ১ অক্টোবর মুলাদী উপজেলার একটি মাছের ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী মো. আতাহার মৃধা বলেন, মঙ্গলবার ভোরে বালিগ্রামের ছালাম হাওলাদারের পুকুরে মাছ ধরতে দুজন জেলে জাল ফেলেন। এ সময় তাঁদের জালে একটি কুমির আটকে জাল ছিঁড়ে যায়। পরে এলাকাবাসীকে জানিয়ে জাল ফেলে দুই ঘণ্টা চেষ্টা করে কুমিরটি ধরা হয়। এ সময় কুমির ধরতে গিয়ে আহত হন একজন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায়সহ বন বিভাগের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করা হয়।
আহত আবদুল মান্নান গাজী জানান, হাওলাদার বাড়ির ওই পুকুরের সঙ্গে খালের পানির সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, নদী থেকে খাল হয়ে কুমিরটি পুকুরে এসেছে। কুমিরটিকে আটকে ডাঙায় তোলার সময় কুমিরের দাঁতের আঘাত লাগে হাতে।