বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে খেলাঘরের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান শেষ পর্যন্ত হতে দেওয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে খেলাঘরের বরিশাল শাখা। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঘটনার প্রতিবাদ জানান।গতকাল সোমবার বিকেলে চারণ খেলাঘর আসরের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। গত রোববার বিকেল থেকে শহরের কাশীপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলে। অনুষ্ঠানে নিমন্ত্রণ না করায় ওই দিন রাত সাড়ে সাতটায় বরিশালের ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ তাঁর দলবল নিয়ে অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দেন। এ নিয়ে গতকাল ‘নিমন্ত্রণ না করায় মঞ্চ ভেঙে দিলেন আ.লীগ নেতা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। খেলাঘর সূত্র জানায়, মঞ্চ ভেঙে দেওয়ার পর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও অনুষ্ঠান করা সম্ভব হয়নি। একপর্যায়ে মঞ্চ, ব্যানার ও সাজসজ্জা খুলে নিতে বাধ্য করা হয়।গত সোমবার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ফরিদ আহমেদ বলেন, ‘চারণ খেলাঘর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে। ২৯ নম্বর ওয়ার্ডেই অনুষ্ঠানটি হবে। অথচ সেখানে মেয়র ও কাউন্সিলরের নাম নেই, আওয়ামী লীগের নেতাদের নাম নেই। তাই স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। কোনো ধরনের ভাঙচুর করা হয়নি।’মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল নাটক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন।খেলাঘরের উদ্যোগে মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ যখন শেষ হওয়ার পথে, সেই সময় মুক্তিযোদ্ধাদের সমঞ্চাননা অনুষ্ঠান পণ্ড করে দেওয়া নিঃসন্দেহে অশুভ ইংগিত বহন করে। এদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত। বক্তারা অবিলম্বে কাউন্সিলর ফরিদ আহমেদকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান। খেলাঘরের নেতারা বলেন, ফরিদ আহমেদকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।