বরিশালে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ৪
বরিশাল নগরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে। আহত ব্যক্তিদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সদর রোডে ওই সংঘর্ষ বাধে। নগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার-সমর্থক যুবদলের নেতা কামরুল আহসান অভিযোগ করেন, সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সদর রোডে নেতা-কর্মীদের ওপর যুবদলের নেতা মোমেন সিকদারের ক্যাডারেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ছাত্রদলের নেতা মো. অভি এবং যুবদলের নেতা সোহাগকে কুপিয়ে জখম করেছে। জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল-সমর্থক যুবদলের নেতা মোমেন সিকদার অভিযোগ করেন, কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সদর রোডে নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে সরোয়ার-সমর্থক কামরুল আহসানের ক্যাডারেরা। এতে রিমন ও রাশেদ নামে দুজন আহত হন।