বরিশালে রূপমের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মুক্তিযোদ্ধা ও শিক্ষক জিন্নাত আলীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া রূপম দে গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।রূপমের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উত্তাল ছিল বরিশাল। শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান জানান, রূপমকে গতকাল বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবুল বাসার মিয়ার আদালতে নেওয়া হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রূপম। ওসি জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় রূপমকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। যত দ্রুত সম্ভব এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।রূপমের ফাঁসির দাবিতে গতকাল বেলা ১১টায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে নগরের অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। বেলা সোয়া ১১টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন সেখানে উপস্থিত হয়ে মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। জিন্নাত আলীর হত্যাকারীদের দ্রুত বিচার হবে বলে আশ্বাস দেন তিনি।জিন্নাত আলীর স্ত্রী শিরিন আক্তার দ্রুত বিচার করে রূপমের ফাঁসির দাবি জানান। তিনি বলেন, রূপমের বিচার হলে আর কোনো বাবাকে এভাবে প্রাণ দিতে হবে না। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, খেলাঘর সভাপতি জীবনকৃষ্ণ দে, বরিশাল নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান প্রমুখ।সকাল পৌনে ১০টায় নগরের রূপাতলী এলাকায় এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন করে।সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন হয়। শিক্ষক সমিতির একটি অংশের উদ্যোগে কয়েক হাজার শিক্ষার্থী-শিক্ষক দুপুর ১২টায় অশ্বিনীকুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করে।কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত শুক্রবার রূপম ও তাঁর সহযোগী আরিফুর রহমান শিক্ষক জিন্নাত আলীকে ছুরিকাঘাতে হত্যা করেন।