বরিশালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাউনিয়া বিসিক এলাকায় গত রোববার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল হক ওরফে লেডি শাহিন (৩০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি নগরের আমানতগঞ্জে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে।র‌্যাব-৮ সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কাউনিয়া বিসিক এলাকায় টহল দেওয়ার সময় র‌্যাব-৮-এর সদস্যরা পাঁচ-ছয়জন ব্যক্তিকে দেখতে পান। র‌্যাব তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা দৌড়ে পালান। তাঁদের ধাওয়া করে র‌্যাব। একপর্যায়ে তাঁরা র‌্যাবের সদস্যদের দিকে গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ৮-১০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সেখানে আসাদুলের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গুলিভর্তি একটি করে বিদেশি পিস্তল ও ওয়ান শ্যুটারগান এবং রাইফেলের দুটি গুলি। পরে আসাদুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে নগরের কালীবাড়ী রোডে অনিক নামের এক যুবক খুন হন। ওই ঘটনায় লেডি শাহিনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়।