বরিশালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বরিশাল জেলার মুলাদী উপজেলায় গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন মজনু খান (৪৫) ও কালাম সরদার (৪০)।নিহত মজনুর বাড়ি মুলাদীর চর কালেখা ইউনিয়নের ষোলঘর গ্রামে। কালাম উপজেলার গাছুয়া ইউনিয়নের উত্তর গাছুয়া গ্রামের বাসিন্দা। র্যাব ও পুলিশের দাবি, নিহত মজনু ও কালাম চরমপন্থী সংগঠন সর্বহারার সদস্য।র্যাবের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল রোববার দিবাগত রাতে মুলাদী উপজেলার নয়াকান্দি এলাকায় অভিযান চালাতে যায়। ওই এলাকায় কয়েকজনকে বৈঠক করতে দেখে র্যাব সদস্যরা তাদের কাছে যেতে শুরু করেন। এ সময় তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে দুজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে মুলাদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি মজনু ও কালামের বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, ছয়টি গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুজ্জামান জানান, এই থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মজনুর বিরুদ্ধে ১৬টি ও কালামের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।