বরিশালে লঞ্চ-কার্গোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীতে গতকাল বুধবার কার্গো জাহাজ ও যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে কার্গো জাহাজের মাস্টার মো. বাচ্চু মিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন কার্গো জাহাজের তিনজন শ্রমিক। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত বাচ্চু মিয়া ফেনীর দুধমুখা গ্রামের বাসিন্দা। কার্গো জাহাজের আহত শ্রমিকেরা হলেন মো. মিরাজ (২৭), মো. আয়াজ (২৫) ও মোমিন ঢালী (৩০)।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীতে গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল-ঢাকা নৌপথের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৭ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের ঘাটের উদ্দেশে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ভারত থেকে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসা এমভি নাশেক-২ নামের একটি কার্গো জাহাজ। কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় সুন্দরবন-৭ লঞ্চটি হঠাৎ দিক হারিয়ে কার্গো জাহাজটির সামনের অংশে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে কার্গো জাহাজের ডান দিক দুমড়েমুচড়ে মাস্টার ব্রিজ ভেঙে যায়। এ সময় মাস্টার ব্রিজের ভেতরে থাকা বাচ্চু মাস্টার (৪৫) ইস্পাতের পাতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।সুন্দরবন-৭ লঞ্চের সুপারভাইজার মো. হারুন প্রথম আলোকে বলেন, ‘আমাদের লঞ্চের সঙ্গে এ রকম কোনো দুর্ঘটনা ঘটেনি।’কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।