বরিশালে লঞ্চ ধর্মঘট অব্যাহত দুর্ভোগে সাধারণ যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। এর ফলে বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ চলাচল গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে।এদিকে বরখাস্ত হওয়া লঞ্চ মাস্টারকে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা গতকাল সকালে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক ও শ্রম দপ্তরের বরিশাল কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল বের করে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি লঞ্চমালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে শ্রমিকেরা গত রোববার ভোর থেকে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ ধর্মঘটের ডাক দেন।শনিবার রাতে ও রোববার দিনব্যাপী কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। মালিক ও শ্রমিক উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় দক্ষিণাঞ্চলে নৌপথে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।লঞ্চশ্রমিকদের দাবি, যেকোনো মূল্যে মাস্টার নজরুল ইসলামকে তাঁর পদে পুনর্বহাল করতে হবে। অন্যদিকে মালিকপক্ষের দাবি, যদি লঞ্চ ব্যবসা বন্ধ করে দিতে হয়, তাহলেও ওই মাস্টারকে তাঁর পদে পুনর্বহাল করা হবে না। একাধিক লঞ্চমালিক জানান, মাস্টার নজরুল ইসলাম এর আগে অনেকবার অপরাধ করলেও তাঁকে ক্ষমা করা হয়েছে। তাঁর কারণে যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাস্টারকে কোনোক্রমেই আর লঞ্চে উঠতে দেওয়া ঠিক হবে না।বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার আবদুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি মালিকদের জানিয়েছি এবং একই দাবিতে জেলা প্রশাসক ও শ্রম দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।’ যাত্রী দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যাত্রীদের ভোগান্তি দিতে চাইনি, শুধু মালিকদের অনমনীয়তার জন্যই যাত্রীদের এই দুর্ভোগ।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এ ব্যাপারে যদি আমাদের হয়রানি বা কোনো টর্চার করা হয়, তাহলে সারা দেশে যাত্রী ও তেলবাহী নৌযান, মালবাহী ট্যাংক লরিসহ সব বন্ধ করে দেওয়া হবে।’বরিশাল লঞ্চ মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের দাবি গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের এর আগে তাদের দাবি অনুযায়ী আমরা তিনজনকে চাকরিতে পুনর্বহাল করেছি। কিন্তু মাস্টার নজরুলকে দিয়ে লঞ্চ চালানো নিরাপদ নয়। বিভিন্ন অপরাধে এর আগে তাঁকে তিনবার ক্ষমা করা হয়। তাই এবার তাঁকে চাকরিতে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন, ‘শুধু যাত্রী নয়, মালিকেরাও শ্রমিকদের কাছে জিম্মি। এ অবস্থা চলতে পারে না। ১০০ দিনও লঞ্চ বন্ধ থাকলে নজরুল মাস্টারকে পুনর্বহাল করা হবে না।’নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, লঞ্চমালিক ও শ্রমিকদের খামখেয়ালিপনায় সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। পাবলিক সেক্টরে এ রকম অরাজকতা চললে কাজ করা সত্যিই কষ্টসাধ্য।বিআইডব্লিউটিএ বরিশালের বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকির নওয়াজ প্রথম আলোকে বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষ অনড় অবস্থানে থাকায় পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি। তার পরও একটা সমাধানে পৌঁছাতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’