বরিশালে লঞ্চ-বাস ভাড়ায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিএনপিতে দ্বন্দ্ব থাকায় ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশে পৃথক পৃথকভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ। বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তাঁরা যাতে দলবদ্ধভাবে ঢাকায় যেতে না পারেন, সে জন্য নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।দলীয় সূত্র জানায়, একদিকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এবং সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থক নেতা-কর্মীরা ঢাকায় যেতে প্রস্তুতি হিসেবে নগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সভা, সমাবেশ, মিছিল করছেন। অন্যদিকে কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের নেতৃত্বে আরেক পক্ষ অনুরূপ কর্মসূচি পালন করছে। উভয় পক্ষই বরিশাল থেকে ২০-২৫ হাজার কর্মী নিয়ে ঢাকার সমাবেশে যাওয়ার ঘোষণা দিয়েছে।জেলা ও মহানগর বিএনপির নেতারা বলেন, সারা দেশ থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশে উপস্থিত থাকবেন। এই মহাসমাবেশে বাধা দিলে সরকারকেই সমস্যায় পড়তে হবে।সূত্র আরও জানায়, একসঙ্গে যেতে সরকার যেহেতু বাধা দিচ্ছে, তাই বিকল্প পথে আগে থেকেই ঢাকায় অবস্থান নেবেন নেতা-কর্মীরা। হোটেলে থাকার জায়গা না পেলে তাঁরা রাস্তায় অবস্থান নেবেন। সেই প্রস্তুতি নিয়েই নেতা-কর্মীরা খাবারদাবার নিয়ে যাবেন।মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, ‘সরকার ইতিমধ্যে লঞ্চ ও বাস আমাদের কাছে ভাড়া না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা বরিশাল থেকে সব বাধা-বিঘ্ন উপেক্ষা করে ২৫ হাজার নেতা-কর্মী নিয়ে ঢাকার মহাসমাবেশে অংশ নেব। ইতিমধ্যে বরিশাল সিটি করপোরেশন, জেলার সব থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। যেকোনো মূল্যে আমরা ঢাকায় উপস্থিত হব।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান বলেন, ‘তিনটি লঞ্চ ভাড়া করে কর্মীদের নিয়ে ঢাকায় যাওয়ার ইচ্ছা ছিল আমাদের। কিন্তু সরকার আমাদের কাছে লঞ্চ ভাড়া না দেওয়ার জন্য লঞ্চমালিকদের বলে দিয়েছে। এখন লাইনের লঞ্চ ও বাসে করে যাব।’ পৃথক পৃথকভাবে মহাসমাবেশে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো বিভেদ বুঝি না, জেলা বিএনপি জেলার নেতৃত্বে এবং মহানগর মহানগরের ব্যানারে যাবে।’জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বলেন, ‘নানাভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বিকল্প উপায়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ২০ হাজার নেতা-কর্মী নিয়ে বরিশাল জেলা বিএনপি মহাসমাবেশে অংশ নেবে।’জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক বলেন, ‘অবস্থা এমন দাঁড়িয়েছে, আমাদের দলগতভাবে বা একত্রে যাওয়া সম্ভব নাও হতে পারে। পরিস্থিতি অনুযায়ী সাধারণ যাত্রীদের মতোই লঞ্চ, বাস ও স্টিমারে ঢাকায় যাবে নেতা-কর্মীরা।’বরিশাল লঞ্চমালিক সমিতির সহসভাপতি এবং সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান বলেন, ‘লঞ্চ ভাড়া না দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। গত বুধবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে লঞ্চ ভাড়া নেওয়ার জন্য কেউ আসেননি।’বরিশাল জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ বাস ভাড়া চাননি। তা ছাড়া ভাড়া দেওয়া বা না-দেওয়ার জন্য কোনো নির্দেশনাও নেই।জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুচ বলেন, আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া বা লঞ্চ-বাস ভাড়া না দেওয়ার কোনো নির্দেশনা নেই। বিএনপি মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই কথা বলছে।