বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে গতকাল রোববার কর্ণফুলী-১ নামের একটি লঞ্চের তলা ফেটে যায়। তবে লঞ্চটি দ্রুত পার্শ্ববর্তী ঘাটে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়ায় বড় কোনো
দুর্ঘটনা ঘটেনি। এদিকে একই নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লঞ্চ বিকল হয়ে পড়ে। পরে প্রায় পাঁচ মাইল উল্টো পথে ভেসে যায় এটি।
মেহেন্দিগঞ্জ থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাতটায় প্রায় দুই হাজার যাত্রী নিয়ে কর্ণফুলী-১ লঞ্চটি ঢাকা নৌবন্দর থেকে ভোলার দৌলতখানের উদ্দেশে যাত্রা করে। বেলা পৌনে দুইটার দিকে লঞ্চটি মেহেন্দিগঞ্জের মেঘনা নদী অতিক্রম করার সময় এটির তলা ফেটে ভেতরে পানি ঢুকতে থাকে। এ সময় কিছু যাত্রী আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চটি দ্রুত উলানিয়া ঘাটে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
লঞ্চটির কয়েকজন যাত্রী জানান, অতিরিক্ত যাত্রী ও তলা ফেটে পানি ঢুকে পড়ায় লঞ্চটির ডুবুডুবু অবস্থা হয়। তখন লঞ্চের চালক দ্রুত পার্শ্ববর্তী ঘাটে এটি নোঙর করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সবাই।
মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার বলেন, পুরোনো ও জরাজীর্ণ এ লঞ্চে ছিল অতিরিক্ত যাত্রীবোঝাই। ডুবুডুবু অবস্থায় কোনো রকমে ঘাটে নোঙর করায় প্রাণে বেঁচে যায় ঈদে ঘরমুখী মানুষ।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার জানান, কর্ণফলী-১ লঞ্চটির তলা আগেই ঝালাই করা ছিল। অতিরিক্ত যাত্রীর চাপে ওই স্থান ফেটে গিয়ে পানি ঢুকে পড়ে। লঞ্চটি মেহেন্দিগঞ্জে আটকে রাখা হয়েছে।
চাঁদপুরে বিকল হয়ে পড়া এমভি মেঘনা রানী লঞ্চের সুপারভাইজার আলী আজগর জানান, গতকাল সকাল আটটায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের সফরমালী এলাকায় পৌঁছালে এটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর জোয়ারে লঞ্চটি ভেসে প্রায় পাঁচ মাইল দূরে উল্টো পথে মোহনপুরের কাছে লগ্মিমারা চরে গিয়ে আটকে যায়। বেলা দুইটার দিকে যাত্রীবাহী আরেকটি লঞ্চ এটিকে উদ্ধার করে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসে।