বরিশালে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১
বরিশালে গত মঙ্গলবার রাতে লঞ্চের ধাক্কায় ৭৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মো. ইউসুফ নামের এক যাত্রী নিহত হয়েছেন। অন্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহত পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মো. ইউসুফের বাড়ি পাবনার আমিনপুর থানায়। মঙ্গলবার রাত আটটার দিকে বরিশালের হিজলার পুরাতন হিজলা এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধার হওয়া যাত্রীরা জানান, এলএম বিউটি অব ইমা নামের ওই লঞ্চটি লক্ষ্মীপুরের উদ্দেশে যাচ্ছিল। আর পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট থেকে ট্রলারটি ৭৬ জন যাত্রী নিয়ে বরিশালে চরমোনাই পীরের মাহফিলের উদ্দেশে যাচ্ছিল। রাত পৌনে আটটার দিকে পুরাতন হিজলা এলাকাসংলগ্ন মেঘনা নদীতে লঞ্চটির সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরে ডাঙায় উঠলেও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। পরে লঞ্চের মালিকপক্ষ প্রায় ৫০ যাত্রীকে ভোলার সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়।
ট্রলারের যাত্রী বেড়া উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ট্রলারে কোনো আলোর ব্যবস্থা ছিল না। যাত্রীবাহী লঞ্চেও কোনো সার্চলাইট জ্বালানো ছিল না। অন্ধকারে ট্রলারের যাত্রীরা টর্চের আলো ফেলে চিৎকার করলেও লঞ্চের মাস্টার শোনেননি। সরাসরি ট্রলারের ওপর উঠিয়ে দেওয়ায় ট্রলারটি ডুবে যায়।
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই বশির উদ্দিন খান বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।