বরিশালে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, এক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলায় লঞ্চের ধাক্কায় ইলিশবোঝাই একটি ট্রলারডুবি এবং একজন মৎস্যশ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বুখাইনগর এলাকায় ভোলানাথ নদে এ দুর্ঘটনা ঘটে।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পানবাড়ীয়া থেকে ইলিশ বোঝাই করে একটি ট্রলার বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে যাচ্ছিল। ভোলানাথ নদ দিয়ে বুখাইনগর এলাকা অতিক্রম করার সময় একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলারে শহীদ জমাদ্দার (৩৫) ও আবুল কালাম হাওলাদার (৩৪) নামের দুজন মৎস্যশ্রমিক ঘুমিয়ে ছিলেন। লঞ্চের অগ্রভাগ ট্রলারটিকে সজোরে আঘাত করলে শহীদ ঘটনাস্থলে নিহত এবং আবুল কালাম আহত হন। ট্রলারের চালক অক্ষত অবস্থায় সাঁতরে পাড়ে ওঠেন। চালকের নাম জানা যায়নি। আবুল কালামকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, শহীদ জমাদ্দারের লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন।এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, এ ধরনের দুর্ঘটনার কোনো সংবাদ তাঁরা পাননি।