বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার খুলনা ও বরিশালে বিএনপি সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে। খুলনায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও বরিশালে বিএনপির তিনটি মিছিলে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় চারজনকে আটক করা হয়।জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থকেরা বিএনপির কার্যালয় চত্বর থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। মিছিলটি বিবির পুকুরপাড়ে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে।মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালের সমর্থকেরা কিছুক্ষণ পর নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।এসব ঘটনায় মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশ। লাঠিপেটায় পাঁচজন আহত হন। তবে পুলিশ দুজন আটকের কথা স্বীকার করে। এ ব্যাপারে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলাম। পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। তাদের হামলায় ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’গতকাল দুপুর পৌনে ১২টায় খুলনা মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মনিরুজ্জামান, শফিকুল আলম, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী, গাজী আবদুল বারী, স ম বাবর আলী, মীর কায়সেদ আলী, আমীর আলী ও রেহানা ঈশা। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।