বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা) বিভাগের ৬ জেলায় ২ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক ৩৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ১৬।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট মারা গেছেন ১৩ জন। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২০ জন। তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া করোনা পজিটিভ পাঁচজনের মধ্যে তিনজন বরিশালের এবং বাকি দুজন পিরোজপুর ও ঝালকাঠির। আর উপসর্গের আটজনই মারা গেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেলেন ৭৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৫৪ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২৮৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৫। এর বাইরে পটুয়াখালীতে নতুন ১৬৮ জনসহ মোট ৩ হাজার ৯৫১ জন, ভোলায় নতুন ১৭৬ জনসহ মোট ৩ হাজার ৪০২ জন, পিরোজপুরে নতুন ৬৯ জনসহ মোট ৪ হাজার ২১০ জন, বরগুনায় নতুন ৭২ জনসহ মোট ২ হাজার ৭৪৬ জন এবং ঝালকাঠিতে নতুন ৮১ জনসহ মোট ৩ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আতঙ্কের জুলাই
বিভাগীয় স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই মারাত্মকভাবে বেড়েছে। মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে চলতি জুলাইয়ে। মে মাসে বিভাগে শনাক্ত হয় ১ হাজার ৪৪ জন রোগী। জুনে শনাক্তের সংখ্যা ৮ গুণ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৯৫২ জনে। জুলাইয়ের ২৮ দিনেই করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৪২ জনের।
আজ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ৪৪২ জন। তাঁদের মধ্যে ১৭৪ জনেরই মৃত্যু হয়েছে ১ মে থেকে ২৮ জুলাই পর্যন্ত, যা বিভাগের মোট মৃত্যুর ৩৯ দশমিক ৩৬ শতাংশ। বিভাগে সবচেয়ে বেশি ১৫২ রোগী মারা গেছেন বরিশালে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ জন মারা গেছেন পটুয়াখালীতে। এ ছাড়া পিরোজপুরে ৬৯, বরগুনায় ৬৩ ও ঝালকাঠিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। ঈদের সময় অনেক মানুষ এলাকায় ফিরেছেন। তাঁদের বেশির ভাগই এখন এলাকায় আছেন। এ জন্য উদ্বেগ আরও বেশি। গ্রামে প্রচুর মানুষের করোনার উপসর্গ দেখা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শনাক্ত রোগীদের মধ্যে বড় একটি অংশ এখন গ্রামের। আমরা পরীক্ষার সুযোগ বাড়িয়েছি। প্রতিদিন তা বাড়ছে। সামনের এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।’