বরিশালে শিক্ষক ও পাংশায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
বরিশাল নগরের একটি বাড়ি থেকে কাউনিয়া থানার পুলিশ গত বুধবার বেলা ১১টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। নিহত শিক্ষকের নাম মোজাম্মেল হক মুন্সী (৫৮)। তিনি আমানতগঞ্জ এনায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।এদিকে রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের লস্কলের হালটে এক ব্যবসায়ীকে গত মঙ্গলবার রাতে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম আবদুল কুদ্দুস মণ্ডল (৪৩)। তিনি একই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।কাউনিয়া থানার পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিবেশীদের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের হোসনাবাদ গাউয়াসারে গিয়ে দেখা যায়, স্কুলশিক্ষকের নিজ ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বসতঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় নিজের ব্যবহূত চাদর দিয়ে ফাঁস লাগানো ছিল। স্থানীয় লোকজন জানান, মোজাম্মেল হক তাঁর ভাইয়ের ছেলেদের (ভাতিজা) আদর-স্নেহ দিয়ে বড় করে তুলেছেন। সেই ভাতিজারাই জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। সম্ভবত সেই অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাংশা থানার ওসি আবদুল খালেক জানান, ব্যবসায়ী আবদুল কুদ্দুস মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির চাচাতো ভাই রফিকুল ইসলাম ও ভাগনিজামাই সাচ্চু জোয়াদ্দার জানান, রাত সাড়ে আটটার দিকে কুদ্দুস বাইসাইকেলে করে পাংশা বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু অনেক রাত হলেও তিনি বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। সকালে পাশের ধোপাকেল্লা গ্রামে রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। লাশের পাশে কুদ্দুসের ব্যবহূত বাইসাইকেলের বিভিন্ন অংশ ভেঙে ফেলে রাখা হয়।