বরিশালে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক সমিতির নেতারা এ কর্মসূচিতে অংশ নেন। তাঁরা নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন কর্মসূচিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি নেছারাবাদের মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র সরকারকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করে এক দল সন্ত্রাসী। তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ নিয়ে নিয়োগ পেয়েছেন। কিন্তু কিছু সংখ্যক সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাঁর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় উপজেলার শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নির্যাতনের শিকার শিক্ষক বিধান চন্দ্র সরকার। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, সহসভাপতি আবদুল মালেক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মহানগরের সভাপতি এইচ এম জসিমউদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন প্রমুখ।