বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসশ্রমিকদের হাতে শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয় ।  ছবি: ফোকাস বাংলা
বাসশ্রমিকদের হাতে শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয় । ছবি: ফোকাস বাংলা

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কর্ণকাঠি এলাকায় গতকাল বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র‌্যাব সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ওই সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। আহত পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাখাওয়াত হোসেন শহর থেকে বাসে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসচালক তাঁকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে না নামিয়ে আরও কিছুদূর নিয়ে গেলে চালক ও চালকের সহকারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চালকের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন।
এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের কর্ণকাঠিতে ইট ফেলে অবরোধ করেন এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে আইন বিভাগের নাঈম উদ্দিন ও সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের মো. নয়ন এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. মোহাইমিন ও মোফাজ্জেল হোসেনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও গণিত বিভাগের শিক্ষক শফিউল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নামিয়ে দেওয়া ও ভাড়া নিয়ে বচসার জের ধরে গত বুধবার পরিবহনশ্রমিকেরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। ওই দিনই বাস মালিক সমিতি, শ্রমিক নেতা, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া ও ক্যাম্পাসের মূল ফটকের সামনে তাঁদের নামিয়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়। কিন্তু গতকালও একটি বাস আইন বিভাগের এক শিক্ষার্থীকে মূল ফটকে না নামিয়ে অনেক দূরে নিয়ে যায়। এর জের ধরে সংঘর্ষে অন্তত ১৫ ছাত্র আহত হন।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান সমঝোতার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, মূলত বুধবারের ঘটনার জের ধরেই শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়িয়েছেন।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৭টি গুলি ছোড়া হয় ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। কেউ গুলিবিদ্ধ হয়নি। শিক্ষার্থীদের হামলায় র‌্যাব ও পুলিশের আটজন সদস্য আহত হন।