বরিশালে শিশু ধর্ষণের শিকার, মহিলা আটক
বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুর মা কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করেছে।শিশুটির মা জানান, ২৩ নম্বর ওয়ার্ডে সুমা ভিলায় ভাড়াটে হিসেবে স্বামী দিনমজুর মামুন মিয়া ও শিশুকন্যাকে নিয়ে বসবাস করছিলেন তাঁরা। তাঁর মেয়ে দুষ্টুমি করে পাশের বাড়ির উমর আলীর মেয়ে পরি বেগমের একটি জুতা পুকুরে ফেলে দেয়। এতে পরি বেগম ওই শিশুর ওপর ক্ষিপ্ত হয়। রোববার সকালে বাড়িতে একা থাকার সময় পরি বেগম, তাঁর স্বামী নুরু মিয়া ও ভাই মো. নয়ন মিয়া ঘরে ঢুকে শিশুটির ওপর নির্যাতন চালায়। একপর্যায়ে পরি বেগম ওই ঘর থেকে চলে যান। এ সময় শিশুটির মুখ চেপে ধরে নয়ন ও নুরু পালাক্রমে ধর্ষণ করে। শিশুটির মা মনি বেগম ঘরে এসে ওই অবস্থা দেখে ডাকচিৎকার দেন। এতে ধর্ষক নয়ন ও নুরু ক্ষিপ্ত হয়ে মনি বেগমকে বেধড়ক মারধর করে। অচেতন হয়ে পড়েন মনি বেগম। এই সুযোগে পালিয়ে যায় নয়ন ও নুরু।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুজ্জামান বলেন, ইতিমধ্যে ওই ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।