বরিশালে শুরু হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রির কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে শুরু হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি কার্যক্রম। এ জন্য বিক্রেতাদের দেওয়া হবে বিনা মূল্যে পরিবেশসম্মত ভ্রাম্যমাণ গাড়ি। তবে তার আগে খাবার তৈরি ও পরিবেশনের ওপর শুরু হয়েছে তাঁদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে ২১৫ জন ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা পাবেন বিনা মূল্যের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম।

গতকাল রোববার দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণের আয়োজক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও-ইউএন)। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন।

কিংস অব নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বরিশাল সিটি করপোরেশন। ‘ইমপ্রুভিং ফুড সেফটি ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মসূচির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এফএও-ইউএন জানায়, বাংলাদেশে ফুটপাতে খাবার বিক্রির একটা সংস্কৃতি চালু আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হয়। এগুলো বেশির ভাগ স্কুল-কলেজের সামনে বিক্রি হয়, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যহানির মূল কারণ।