বরিশালে শেষ মুহূর্তেও শঙ্কা
পৌর নির্বাচনের শেষ মুহূর্তে বরিশালে বিএনপির বেশির ভাগ প্রার্থীর আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু হবে না। তাঁরা বলছেন, এলাকায় বহিরাগতদের আনাগোনা, এজেন্টদের ভয়ভীতি দেখানো আর পুলিশি হয়রানির কারণে এ আশঙ্কা তৈরি হয়েছে।
বরিশালের যে ছয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, তার চারটিতে বিএনপির প্রার্থীরা এসব অভিযোগ করেছেন। বিএনপির প্রার্থীদের এসব অভিযোগ সত্য বলে মানতে নারাজ পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয় পৌরসভার ৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৯টিকেই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আর বরিশাল বিভাগের ১৭টি পৌরসভার ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিকেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।
গতকাল সরেজমিন উজিরপুর পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, গত দুই দিনে বেশ কিছু মানুষ এসেছেন, যাঁরা পৌর এলাকার বাসিন্দা নন। তাঁদের বেশির ভাগ আশপাশের ইউনিয়ন থেকে এসেছেন। পৌর এলাকার বিভিন্ন স্থানে তাঁরা ঘাপটি মেরে আছেন। এসব ‘বহিরাগত’ নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল থেকে শুরু করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
উজিরপুর পৌরসভায় বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বলেছেন, এখন পর্যন্ত তিনি কোনো হামলা-সংঘর্ষ বা বাধার মুখে পড়েননি। তারপরও ‘শেষ মুহূর্তের আশঙ্কা’ করছেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সোমবার রাতে আমি পৌরসভায় অনেক অপরিচিত মুখ দেখেছি। কয়েক দিন ধরে উজিরপুরে প্রতিদিন ১০০-২০০ করে বহিরাগত ঢুকছে।’
আশপাশের ইউনিয়ন থেকে বহিরাগতদের আনার একই অভিযোগ করে বানারীপাড়া পৌরসভা বিএনপির প্রার্থী গোলাম মাহমুদ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্যাডাররা তাঁর নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে। এজেন্ট হলে হামলা-মামলার ভয় দেখানো হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, যাতে ভোটাররা ভোটকেন্দ্রে না যান।
অবশ্য গতকাল বানারীপাড়ায় সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার পরিবেশ স্বাভাবিক। স্থানীয় শ্রমিক মো. জালাল, ক্ষুদ্র ব্যবসায়ী ইউনুসসহ বেশ কয়েকজন জানান, নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়ার পরিবেশ এখন পর্যন্ত ভালো।
তবে এ বিষয়ে বিএনপির প্রার্থীর যুক্তি, ‘পরিবেশ ভালো এই অর্থে যে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কোনো প্রতিরোধ করতে যাই না। আর প্রশাসনের দিক থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। শেষ মুহূর্তে কী হবে বলা যাচ্ছে না।’
বাকেরগঞ্জের বিএনপির প্রার্থী মতিউর রহমান মোল্লাও বহিরাগতদের বিষয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রশাসনকে বললে বহিরাগতরা ৫-১০ জন করে মূল সড়ক থেকে গ্রামগঞ্জের ভেতরে চলে যায়। আর প্রথম থেকেই বাকেরগঞ্জে নির্বাচন নিয়ে অপ্রীতিকর ঘটনা লেগেই আছে। সোমবার রাতেও দুই কাউন্সিলর পদপ্রার্থীর লোকদের মধ্যে মারামারি হয়েছে।
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির বলেন, বেশির ভাগ পৌরসভা মহাসড়কের পাশে হওয়ায় কে বাইরে থেকে পৌর এলাকায় ঢুকছে আর কে বের হচ্ছে, তা নজরদারি করা পুলিশের পক্ষে কঠিন হয়ে যায়। তবে বহিরাগতরা যাতে অঘটন ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।
গৌরনদী পৌরসভায় বিএনপির প্রার্থী শফিকুর রহমান বলেছেন, তাঁরা পুলিশি হয়রানি ও প্রশাসনিক শঙ্কার মধ্যে আছেন। তিনি অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই সোমবার রাতে পৌর বিএনপির সভাপতি এস এম মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত রাতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। এখন নির্বাচনী এজেন্ট হতে নেতা-কর্মীরা ভয় পাচ্ছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা হয়রানির জন্য কারও বাড়িতে যাইনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুধু একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
বেশির ভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরিশালের ছয় পৌরসভার ৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৯টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আর বরিশাল বিভাগের ১৭টি পৌরসভার ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিকেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুসারে, বরিশালের গৌরনদী ও ঝালকাঠির নলছিটি পৌরসভার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ। জানা গেছে, গৌরনদীতে ৩৩ জন কাউন্সিলর পদপ্রার্থীর সবাই এবং নলছিটির ৪৪ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ৩৯ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ জন্য নানা কারণের পাশাপাশি আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর পদপ্রার্থী ঝুঁকিপূর্ণ বিবেচনার একটি কারণ হয়ে উঠেছে।
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির বলেন, মহাসড়কের পাশের কেন্দ্র, দুর্গম ও দুর্বল অবকাঠামো, যাতায়াতব্যবস্থা, অস্থায়ীভাবে নির্মিত কেন্দ্র এ ধরনের নানা বিষয় বিবেচনা করে গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকা করা হয়। এর সঙ্গে প্রার্থীদের স্থানীয় প্রভাব-প্রতিপত্তির বিষয়টিও আমলে নেওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ মানেই সেই কেন্দ্রে গন্ডগোল হবে, এমনটা নয়।