বরিশালে শ্মশান দীপাবলি উৎসবে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে উপমহাদেশের সর্ববৃহৎ আদি শ্মশানে দুই দিনের শ্মশান দীপাবলি উৎসব গত শুক্রবার শুরু হয়। এদিন সন্ধ্যায় হাজারো প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা এলাকা। শুক্রবার ও গতকাল শনিবার সন্ধ্যায় ছিল দীপাবলির আয়োজন।

বরিশালের বাইরের জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ থেকেও স্বজনেরা এসে উপস্থিত হন উৎসবে। এ উপলক্ষে শ্মশান এলাকায় দুই দিনের মেলার আয়োজন করা হয়। শুভভূত চতুর্দশীর পুণ্য তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা দীপাবলি উৎসবের আয়োজন করে আসছেন। গোধূলী বেলায় হাজার হাজার নর-নারী শ্মশানে স্বজনদের সমাধিমন্দিরে প্রদ্বীপ জ্বেলে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। সমাধিতে প্রয়াত প্রিয়জনের প্রিয় খাবার সাজিয়ে রাখা হয়। উৎসব উপলক্ষে মাসব্যাপী স্বজনেরা তাঁদের প্রয়াত আত্মীয়স্বজনের সমাধিমন্দির ধোয়া-মোছার কাজ করেন। মহাশ্মশান রক্ষা কমিটিও ব্যস্ত থাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে।

অবিভক্ত বাংলার অনেক গুণী ব্যক্তির সমাধিমন্দির রয়েছে নগরের শ্মশানে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সমাধিমন্দিরও রয়েছে এই শ্মশানে। তাই বরিশালের বাইরের জেলা ছাড়াও পার্শ্ববর্তী ভারত থেকে স্বজনেরা আসেন বরিশালের এই দীপাবলি উৎসবে।

ভারত থেকে আসা স্বজনদের মধ্যে দানেশ চন্দ্র দাস জানান, প্রতিবছর আসা সম্ভব না হলেও গত দুই বছর এখানে আসেন তিনি। তাঁর মতে, পৃথিবীর আর কোথাও সম্ভবত এত বড় দীপাবলি উৎসব হয় না।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, বরিশাল মহাশ্মশানে প্রায় ৫০ হাজার সমাধিমন্দির রয়েছে। এর মধ্যে পাকা শ্মশান রয়েছে প্রায় ১০ হাজার।