বরিশালে শ্মশান দীপালি উৎসবে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাউনিয়া এলাকার আদি শ্মশানে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম উৎসব শ্মশান দীপালি অনুষ্ঠানে মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় এই আয়োজন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। প্রায় ২০০ বছরের পুরোনো এ অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন বলে অনেকে দাবি করেন। উৎসবে বরিশাল ও দেশের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ভারত থেকেও স্বজনেরা এসে যোগ দেন।শুভভূত চতুর্দশীর পূর্ণ তিথিতে সনাতন ধর্মাবলম্বী লোকেরা এ দীপাবলি উৎসবের আয়োজন করে আসছে। গোধূলি বেলায় হাজার হাজার নর-নারী শ্মশানে স্বজনদের সমাধিতে প্রদীপ জ্বেলে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। পরে হারিয়ে যাওয়া প্রিয়জনের প্রিয় খাবারগুলো সাজিয়ে দেওয়া হয় সমাধির পাদদেশে। মধ্যরাত পর্যন্ত আলো ঝলমলে এ আয়োজন চলে।নগরের কাউনিয়া এলাকা শ্মশান দীপালির দিনকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয়। নাম-গোত্রহীন সমাধিগুলোও দীপালির আলোতে আলোকিত হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি এ উৎসবে অন্যান্য ধর্মের মানুষও অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে শ্মশান এলাকা। সন্ধ্যার পর দীপালির আলোর ঝরনা ও মানুষের মিছিল সামাল দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। ২০০৫ সালে ঝালকাঠিতে জেএমবির বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের সমাধিমন্দিরে দেখা গেছে তাঁর স্ত্রী পল্লবী পাঁড়ে ও একমাত্র ছেলে অর্ক ঘোষকে।ভারত থেকে মা-বাবার আত্মার শান্তি কামনায় প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন রামলাল ভট্টাচার্য ও তাঁর বোন শ্রীমতী গৌরী ভট্টাচার্য। তাঁরা জানান, ৫০ বছর আগে বাবার হাত ধরে এই শ্মশানে একবার এসেছিলেন, এবার এসেছেন বাবার মন্দির আলোকিত করতে। এখানে এসে আমরা সত্যিই অভিভূত হয়ে গেছি।একই কথা বলেন কলকাতা থেকে আসা ৬০ বছর বয়সী দানেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘পৃথিবীতে এত বড় শ্মশান দীপালি হয় বলে আমার জানা নেই। গয়া ও কাশির চেয়ে এটি পুণ্য স্থান বলে মনে হচ্ছে আমার কাছে।’ ৬০ বছর পর এখানে এসেছেন দর্শনের অধ্যাপক বিনায়ক ভট্টাচার্য। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি যেন আলোর মেলায় এসেছি। বরিশালের এই শ্মশান দীপালি উৎসব এখন সারা পৃথিবীর মানুষ জানে। অপূর্ব আয়োজন দেখে আমি মুগ্ধ।’বরিশালের ৮৫ বছর বয়সী শোভা রানী কর্মকার বলেন, ৬০ বছর ধরে এই দিনে তিনি স্বজনদের সমাধিতে প্রদীপ জ্বালাতে আসেন। তিনি জানান, অন্য বছরের তুলনায় এ বছর আয়োজন আরও বেশি। বর্ণিল আলোতে সাজানো হয়েছে পুরো এলাকা। নিরাপত্তা ব্যবস্থাও ভালো বলে জানান তিনি।বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, শ্মশান দীপালিকে সামনে রেখে কয়েক দিন ধরেই শ্মশান রক্ষা কমিটিও সমাধিমন্দিরের পরিচ্ছন্নতার কাজ করেছে। যাদের স্বজন নেই, এমন পাঁচ শতাধিক সমাধি কর্তৃপক্ষের উদ্যোগে আলোকিত করা হয়েছে।