বরিশালে শ্মশান দীপালিতে হাজার মানুষের ঢল
বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীনতম উৎসব শ্মশান দীপালিতে গতকাল মঙ্গলবার হাজার মানুষের ঢল নামে। ২০০ বছর ধরে বরিশাল নগরের আদি শ্মশানে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যায় লাখো প্রদীপের আলোতে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা।গতকাল সকাল থেকেই দীপালি উপলক্ষে বিভিন্ন আচার-অনুষ্ঠান শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকে এসে অনেকে এ উৎসবে যোগ দিয়েছেন। এ উপলক্ষে শ্মশান এলাকায় মেলা বসে।শুভভূত চতুর্দশীর পূর্ণ তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ দীপালি উৎসবের আয়োজন করে। গোধূলি বেলায় কয়েক হাজার নারী ও পুরুষ শ্মশানে এসে স্বজনদের সমাধিতে প্রদীপ জ্বেলে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। পরে মৃত ব্যক্তিদের প্রিয় খাবারগুলো সমাধির পাদদেশে সাজিয়ে দেওয়া হয়। মধ্যরাত পর্যন্ত চলে এ আয়োজন।ভারত থেকে মায়ের আত্মার শান্তি কামনার জন্য এসেছেন খোকন ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘প্রতিবছর আসা সম্ভব হয় না। দু-এক বছর পরপর এসে শ্রদ্ধা নিবেদন করি।’বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে বলেন, শ্মশান দীপালি সামনে রেখে কয়েক দিন ধরেই শ্মশান রক্ষা কমিটি সমাধি মন্দিরের পরিচ্ছন্নতার কাজ করেছে। এ বছর দর্শনার্থীদের ভিড় বেশি।