বরিশালে শ্রমিক ইউনিয়নের বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জেলা প্রশাসন বাসে হামলা ও ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় শ্রমিক ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম গত সোমবার রাতে ঢাকায় মারধরের শিকার হন। ওই রাতেই বরিশালে নিজামুলের অনুসারীরা বাস-ট্রাকে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারী যুবলীগ ক্যাডারদের গ্রেপ্তার ও বিচার দাবি করে মঙ্গলবার ৪৮ ঘণ্টার সময়সীমা দেয় জেলা শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের নেতারা। ওই সময়সীমা শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, বুধবার রাতে জেলা প্রশাসন ও পুলিশ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেয়। শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের নেতারা গতকাল বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট স্থগিত ঘোষণা করে বৈঠকে বসেন। জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।বরিশাল জেলা শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের পক্ষ থেকে খুব শিগগিরই বাস ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। এরপর তাঁরা (শ্রমিক) ধর্মঘট প্রত্যাহেরর সিদ্ধান্ত নিয়েছে।’