বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম ওরফে নিজামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বরিশালে পাল্টাপাল্টি মামলা ও স্মারকলিপি দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে বুধবার রাতের মধ্যে বাসে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে শ্রমিক লীগ। এর অন্যথা হলে আজ বৃহস্পতিবার থেকে তারা পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে বাস ধর্মঘট শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। নিজামুল ইসলামকে গত সোমবার রাতে ঢাকায় যুবলীগের অপর দুই নেতা মারধর করেন। এর প্রতিবাদে ওই রাতেই যুবলীগ নেতার অনুসারীরা বরিশাল নগরজুড়ে বাস-ট্রাক ভাঙচুর ছাড়াও একটি বাসা ও ক্লাবে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে। বাস ভাঙচুরের প্রতিবাদে গত মঙ্গলবার যুবলীগের বিরুদ্ধে মাঠে নামে শ্রমিক লীগ। গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে গত মঙ্গলবার রাতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।অন্যদিকে যুবলীগের পক্ষ থেকে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয় গতকাল বুধবার। এই স্মারকলিপিতে নিজামুল ইসলামের ওপর হামলাকারী দিপু, মোয়াজ্জেম হোসেন ও খোকনসহ সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিকে গত মঙ্গলবার রাতে যুবলীগের তিন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে নিজাম ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করেছেন।একই দিন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন বিমানবন্দর থানায় চারটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এতে জাকির আলম, শহিদুল্লাহ রেজভী, দিদার, আশিক ইকবাল শাওন, হাবিব, শরিফ ও বাহারসহ প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এদের বেশির ভাগই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। চারটির মধ্যে দেশ পরিবহনের সুপারভাইজারের করা অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, একই ঘটনায় একাধিক মামলার বিধান নেই। সব অভিযোগ একত্র করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।