বরিশালে সংখ্যালঘু ভোটাররা শঙ্কায়
বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুরে ভোট ও জনসংখ্যার দিক থেকে সংখ্যাগুরু হয়েও উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দেওয়া নিয়ে শঙ্কায় আছেন সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন তাঁদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরকারি দল ও প্রশাসন এ অভিযোগ নাকচ করে দিলেও সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা কমেনি, বরং বেড়েছে। অন্যদিকে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে কারচুপি ও প্রভাব খাটানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আগামীকাল রোববার বরিশালের এ দুই উপজেলার পাশাপাশি বানারীপাড়ায়ও নির্বাচন।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি, গিয়াস উদ্দিন খান, বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন ও ইসলামী আন্দোলনের রফিকুন্নবী ভাট্টি।
উজিরপুরে নির্বাচন কমিশনের হিসাবে ছয়জন প্রার্থী হলেও মাঠে রয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান, বিএনপি-সমর্থিত আ. মাজেদ তালুকদার, বর্তমান চেয়ারম্যান জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতা আবুল কালাম আজাদ ও ইসলামী আন্দোলনের রিয়াজুল ইসলাম।
এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান দীর্ঘদিন এলাকায় না থাকায় তাঁর সঙ্গে ভোটারদের দূরত্ব তৈরি হয়। তার পরও দলের প্রভাবশালী একটি অংশের প্রভাবে তিনি সমর্থন পান। অন্যদিকে দলের সমর্থন চেয়ে ব্যর্থ হয়ে নির্বাচনে প্রার্থী হন যতীন্দ্রনাথ মিস্ত্রি। এই এলাকার প্রায় ৯৯ হাজার ভোটারের মধ্যে ৫৪ হাজারের মতো ভোটার হিন্দু সম্প্রদায়ের লোক। যতীন্দ্রনাথ মিস্ত্রি এ সম্প্রদায়ের জনপ্রিয় একজন নেতা। দলীয় পরিচয়ের বাইরেও এ সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভোট যতীন্দ্রনাথের পক্ষে যেতে পারে বলে সাধারণ ভোটারদের ধারণা। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরুর দিক থেকেই যতীন্দ্রনাথ তাঁর সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
নিজেকে আওয়ামী লীগের সমর্থক দাবি করে রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জগদীশ ভক্ত বলেন, ‘মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মোর্তুজা ও যতীন্দ্রনাথের মধ্যে। যতীন্দ্রনাথের ভোটাররা ভোট দিতে না গেলে মোর্তুজারই লাভ।’
বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের অশোক সরকার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরাই আমাদের ভোট কেন্দ্রে না যেতে বলছে, এটা ভাবতেই পারছি না।’ আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নীলকান্ত বেপারী তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘যতীন্দ্রনাথের পক্ষে কাজ করার শাস্তি নির্বাচনের পর দেওয়া হবে বলে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’
বরিশাল শহরে আজ এক সংবাদ সম্মেলনে যতীন্দ্রনাথ মিস্ত্রিও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। সরকারি দল-সমর্থিত প্রার্থীর পক্ষ হয়ে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি কর্মী-সমর্থকদের গ্রেপ্তার, হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। এ অভিযোগ নির্বাচন কমিশনে করা হয়েছে বলে জানান যতীন্দ্রনাথ মিস্ত্রি।
অভিযোগ পেয়েছেন জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুরের অবস্থা এতটা গুরুতর না হলেও সেখানকার হিন্দু ভোটাররাও নিশ্চিন্তে থাকতে পারছেন না। এ উপজেলায় এক লাখ ৫৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ৫৭ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। এখানে হিন্দু সম্প্রদায়ের প্রার্থী না থাকলেও এ সম্প্রদায়ের মানুষের মধ্যে বর্তমান চেয়ারম্যান, জাসদের নেতা আবুল কালাম আজাদের ভালো গ্রহণযোগ্যতা রয়েছে।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব এলাকায় আবুল কালামের সমর্থক বেশি, সেসব এলাকায় ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। উপজেলার রাজাপুর গ্রামের অমূল্য বিশ্বাস বলেন, ‘আমার নিজের ভোট নিজের পছন্দমতো দিতে পারব না, এটা কেমন কথা! কেন্দ্রে যাব না ক্যান?’
হাটতা গ্রামের হরেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘মোগো নেত্রী খেমতায়। মোরা ভোট দিতে যাইতে চাইলেও আমলিগের লোকজন না যাইতে হুমকি দ্যায়। কোন জমানায় আইলাম!’
সংখ্যালঘু ভোটারদের বিষয়ে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযোগ সরাসরি নাকচ করে দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। তিনি প্রথম আলোকে বলেন, ‘যতীন্দ্রনাথ মিস্ত্রি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। অপপ্রচার চালাচ্ছেন।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাম্প্রদায়িকতায় বিশ্বাসও করে না, প্রশ্রয়ও দেয় না।’
বানারীপাড়া উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুজন। আওয়ামী লীগ-সমর্থিত গোলাম ফারুক ও বিএনপি-সমর্থিত শাহ আলম মিঞা। এখানে সুষ্ঠু নির্বাচন হলে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।
তবে তিন উপজেলায় নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ বিষয়ে শঙ্কা রয়েছে বেশির ভাগ ভোটারের মধ্যে। তিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দলীয় নেতা-কর্মী ছাড়া সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো উত্সাহ উদ্দীপনা দেখা যায়নি। এর আগের তিন পর্যায়ের নির্বাচনে বরিশালে কেন্দ্র দখল, ব্যাপক ভোট জালিয়াতির কারণে এবারও একই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। নিজের ভোটাধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারবেন কি না, সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেশির ভাগ ভোটার।
এদিকে নির্বাচনে কারচুপি, জালিয়াতি এবং প্রভাব খাটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘নির্বাচন হবে বরিশালে আগের ছয়টি উপজেলায় যা হয়েছে সে রকমই।’
আগৈলঝাড়া উপজেলা সদরের আইনজীবী শাহীন উদ্দিন মিয়া বলেন, ‘সবাই ঠিকমতো ভোট দিতে পারলে জমজমাট নির্বাচন হবে। কিন্তু লক্ষণ যা দেখছি, তাতে মনে হচ্ছে সকাল আটটায় ভোট শুরুর পরপরই বারোটা বাজবে ভোটের।’
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, এ ধরনের শঙ্কা অমূলক। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।