যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বরিশালের নথুল্লাবাদ এলাকায় বাস ও মাহিন্দ্রা (ইজিবাইক) শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ২০-২৫টি মাহিন্দ্রা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাসশ্রমিক এবং মাহিন্দ্রাশ্রমিকদের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, যাত্রী ওঠানো নিয়ে সেবা পরিবহনের এক হেলপার এবং এক সুপারভাইজারকে মাহিন্দ্রার শ্রমিকেরা তাঁদের কার্যালয়ে নিয়ে মারধর করেন। এই খবর বাসশ্রমিকেরা জানতে পেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি এস এম রফিকুল ইসলাম জানান, বাসশ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন এবং ২৫টি মাহিন্দ্রা ভাঙচুর করেছেন। এ ছাড়া তাঁদের হামলায় টেম্পো ও মাহিন্দ্রার ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এর পর থেকে অটোরিকশা, টেম্পো ও মাহিন্দ্রা চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা। পুলিশের উপকমিশনার এ টি এম মোজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমঝোতার জন্য উভয় পক্ষকে নিয়ে আলোচনা চলছে।