বরিশালে সফলভাবে শিশুর মস্তিষ্কের টিউমার অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সাফল্যের সঙ্গে এক শিশুর মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করেছেন। এই অঞ্চলে এটিকে প্রথমবারের মতো সবচেয়ে বড় ও সফল অস্ত্রোপচারের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এহসানুল হক প্রথম আলোকে বলেন, চিকিৎসক নুরুজ্জামান খান গত বুধবার বরিশাল হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে ওই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন। এটা বরিশালের ইতিহাসে প্রথমবারের মতো মস্তিষ্কে এত বড় অস্ত্রোপচারের ঘটনা। তিনি আরও বলেন, হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পর্যাপ্ত জনবল, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) না থাকায় এখানে অস্ত্রোপচারের কাজটি করা যাচ্ছিল না।বরিশাল বিভাগের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে ৫০০ শয্যার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট এবং আধুনিক যন্ত্রপাতি ও আইসিইউর সুবিধা না থাকায় এ অঞ্চলের মানুষকে রাজধানী ঢাকা কিংবা দেশের বাইরে বহু অর্থ ব্যয় করে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। বর্তমানে মাত্র একজন সহযোগী অধ্যাপক ও একজন সহকারী অধ্যাপক দিয়ে কোনোমতে চলছে নিউরো সার্জারি বিভাগ।চিকিৎসক মো. নুরুজ্জামান খান বলেন, ‘ব্রেইন টিউমার অপসারণ একটি জটিল অস্ত্রোপচারের কাজ। বরিশালে অস্ত্রোপচারের তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিই। রোগীর পরিবার গরিব হওয়ায় এবং তাদের পীড়াপীড়িতে ডায়াবেটিক হাসপাতালে অস্ত্রোপচারের কাজ করা হয়। বর্তমানে রোগী সুস্থ ও শঙ্কামুক্ত আছে।’ রোগী লামিয়া আক্তারের (৮) বাবা মতিউর রহমান জানান, গত ১১ আগস্ট লামিয়া মাথাব্যথায় অস্থির হয়ে পড়ে। ধীরে ধীরে তাঁর ডান হাত ও পা অবশ হতে থাকে। পরে সিটি স্ক্যানে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ২৯ আগস্ট রাত সাড়ে নয়টা থেকে চার ঘণ্টা ধরে লামিয়ার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কিছু সময় পর থেকেই সে কথা বলতে পারছে।