বরিশালে সমন্বয় পরিষদের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গম্ভীরা গান ও সমন্বয় পরিষদের ২৩ সংগঠককে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসব। সাত দিনব্যাপী অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন ঝুনা চৌধুরী।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৩ সংগঠককে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
‘তিন দশকের সংগ্রাম এগিয়ে চলা অবিরাম’ এই শিরোনাম নিয়ে বরিশালের ২৭ সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ১ মার্চ থেকে সাত দিনের অনুষ্ঠানমালার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী বলেন, সারা দেশে সাংস্কৃতিক সংগঠনের জোট গঠনের আগেই বরিশালে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ গঠন হয়েছে। এরশাদবিরোধী আন্দোলনের আগেই বরিশালে সাংস্কৃতিক কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেন। যার ধারা অব্যাহত আছে।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বদিউর রহমান, প্রান্তিকের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহম্মেদ, নাট্যব্যক্তিত্ব শাহনেওয়াজ, সৈয়দ গোলাম মাহবুব, ভাষাসংগ্রামী মোশারেফ হোসেন নান্নু, মুক্তিযোদ্ধা মাকসুদ আলী বাদল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, মিন্টু বসু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম, শান্তি দাস, এস এম ইকবাল, সাংবাদিক মুনির হোসেন, সংগঠক সামসুল আলম, পংকজ রায় চৌধুরী, শুভংকর চক্রবর্তী, এস এম জামান, নিয়াজ মাহমুদ খান, জগলুল হায়দার শাহীন, মিজানুর রহমান।