বরিশালের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন উচ্চ আদালত। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের ভর্তি সুযোগ সংরক্ষিত রাখার অভিযোগে একজন অভিভাবক রিট করায় গত সোমবার আদালত এ আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন ফরম বরিশাল নগরের কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হয়নি। এ কারণে বঞ্চিত অভিভাবকদের পক্ষে আল মাহবুবুল হাসান বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্চ করে সোমবার উচ্চ আদালতে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারপতি মো. এনায়েতুর রহিম ও মাহমুদুল হকের সমম্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশে ওই দুটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা স্থগিত করেন। একই সঙ্গে আদালত শিক্ষাসচিব, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও দুটি স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘উচ্চ আদালতের আদেশের অনুলিপি পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দেওয়া হবে। এ ছাড়া বিষয়টি অভিভাবকদেরও জানানো হচ্ছে।’