বরিশালে সরব মহাজোট, পিছিয়ে অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-৬ আসনে মহাজোটের প্রার্থী নাসরিন জাহান নিজ বাসভবনের সামনে গতকাল প্রচারপত্র বিলি করেন।  ছবি: প্রথম আলো
বরিশাল-৬ আসনে মহাজোটের প্রার্থী নাসরিন জাহান নিজ বাসভবনের সামনে গতকাল প্রচারপত্র বিলি করেন। ছবি: প্রথম আলো
>
  • বরিশালে ছয়টির মধ্যে তিনটি আসনে বিএনপির প্রার্থীরা তেমন সরব নন
  • একটি আসনে দলটির কোনো তৎপরতাই নেই
  • ছয়টি আসনে বিভিন্ন দলের ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন

বরিশালের ছয়টি আসনে নির্বাচনী প্রচারণা জোরেশোরে শুরু হলেও তিনটি আসনে বিএনপির প্রার্থীরা তেমন সরব নন। এর একটি আসনে দলটির কোনো তৎপরতাই নেই। দলের নেতারা বলছেন, বাধার কারণে তাঁরা পুরোপুরি মাঠে নামতে পারছেন না। ছয়টি আসনে বিভিন্ন দলের ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। আর বিএনপির প্রার্থী সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। হাসানাত আবদুল্লাহ নিজে এবং তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা প্রতিদিন গণসংযোগ, উঠান বৈঠকসহ নানাভাবে প্রচার চালাচ্ছেন।

বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ১২ ডিসেম্বর এলাকায় ফিরলেও গ্রামের বাড়ি শরিকলে বসেই প্রচার চালাচ্ছেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সমর্থকদের হামলার কারণে তিনি নিরাপত্তাহীন। প্রচারণা শুরুর পর তাঁর ২৯ সমর্থকের ওপর হামলা হয়েছে, ২৬ নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর ও তছনছ হয়েছে। এ অবস্থায় তিনি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

তবে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, জহির উদ্দিনের এসব অভিযোগ সত্য নয়। তিনি জিততে পারবেন না বলে এমন কৌশল নিয়েছেন। তা ছাড়া এ আসন ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মহাজোটের দুজন প্রার্থী আওয়ামী লীগের শাহে আলম ও জাতীয় পার্টির মাসুদ পারভেজ (সোহেল রানা)। শাহে আলমের প্রচারে এলাকা মুখর হলেও গতকাল পর্যন্ত মাসুদ পারভেজ এলাকায় আসেননি। তাঁর পক্ষে কোনো প্রচারও নেই। বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদের পক্ষেও তেমন প্রচার-প্রচারণা নেই। তাঁর পক্ষে উপজেলা সদরে পোস্টার লাগানো হলেও গ্রামপর্যায়ে তেমন পোস্টার চোখে পড়েনি। প্রচার-প্রচারণা না থাকা প্রসঙ্গে উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান গতকাল অভিযোগ করেন, ‘আমাদের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে শুরুতে মাঠে নামার পর তিনটি মামলা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালিয়ে তিনজনকে গুরুতর আহত করা হয়েছে।’

অপর দিকে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ পারভেজের মাঠে না থাকা প্রসঙ্গে উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম বলেন, মহাজোটের মনোনয়ন না পাওয়ায় তিনি এখনো মাঠে নামেননি।

আওয়ামী লীগের প্রার্থী শাহে আলম বলেন, সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এই আসনে আওয়ামী লীগের নিজস্ব ভোটব্যাংক আছে। তাই এখানে আওয়ামী লীগ নিশ্চিত বিজয়ী হবে।

বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে গতকাল গণসংযোগ করেন। ছবি: প্রথম আলো
বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে গতকাল গণসংযোগ করেন। ছবি: প্রথম আলো

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সব দলই ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। এখানে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির বর্তমান সাংসদ শেখ টিপু সুলতান। এ ছাড়া জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির প্রার্থী। বিএনপি থেকে প্রার্থী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন। ২০০৮ সালে এই আসনে বিএনপির সেলিমা রহমান চার-দলীয় জোটের মনোনয়ন পেয়ে ৬ হাজার ৪১২ ভোটে হেরেছিলেন গোলাম কিবরিয়া টিপুর কাছে। ওই নির্বাচনে জয়নুল আবেদীন বিদ্রোহী প্রার্থী হয়ে প্রায় ৩০ হাজার ভোট পান।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী পংকজ দেবনাথ। এখানে পংকজ দেবনাথ ও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল কারীমের প্রচার-প্রচারণা ও গণসংযোগ থাকলেও বিএনপি প্রার্থী মাঠে নেই। এখানে ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের নুরুর রহমান। এখানে মনোনয়ন চেয়েছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি মনোনয়ন না পাওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও নুরুর রহমান মাঠে না থাকায় তাঁরা হতাশ ও ক্ষুব্ধ।

বরিশাল-৫ (সদর) আসনে সব প্রার্থীই সমানতালে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল কারীম। এ ছাড়া জাতীয় পার্টির মোরতুজা আবেদীনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এখানে প্রচার-প্রচারণায় কোনো বাধা দেওয়ার অভিযোগ এখনো না উঠলেও গত তিন দিনে বিএনপি ও জামায়াতের অন্তত ৫০ নেতা-কর্মী গ্রেপ্তার করার অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক বলেছেন, বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে সব দলের প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও সব প্রার্থী প্রচার চালাচ্ছেন। বাকেরগঞ্জ শহর ও প্রত্যন্ত এলাকা পোস্টারে ছেয়ে গেছে। তবে এখানে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সাংসদ নাসরিন জাহান রত্নার প্রচার-প্রচারণা ও গণসংযোগে তেমন প্রাণ নেই। অভিযোগ আছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাসরিন জাহানের পক্ষে নামেননি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন বলেন, দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ-অভিমান রয়েছে। কারণ, এই আসনে আওয়ামী লীগের ভোটব্যাংক রয়েছে। কিন্তু মহাজোটের স্বার্থে এই আসনে আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী দেওয়া যাচ্ছে না। এই ক্ষোভের কারণে মূলত দলীয় নেতা-কর্মীরা লাঙ্গলের পক্ষে নামছেন না। তবে ধীরে ধীরে সবাই মাঠে নামবেন।

অন্যদিকে বিভক্ত উপজেলা বিএনপির নেতারা দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। এই আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সাংসদ আবুল হোসেন খানের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদারের বিরোধ ছিল। গত বৃহস্পতিবার আবুল হোসেন খান ও খলিলুর রহমানের পক্ষের নেতাদের সমঝোতা হয়। এরপর তাঁরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেন।

নির্বাচনী প্রচার-প্রচারণার বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, বরিশালের আসনগুলোতে তুলনামূলক শান্তি বিরাজ করছে। তবে কিছু আসনে বিএনপি প্রার্থীরা মাঠে নামতে পারছেন না, এমন অভিযোগ শোনা যাচ্ছে। একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারি দলের সবচেয়ে বেশি ভূমিকা নেওয়া প্রয়োজন। তাদের আচরণ সংযত ও সহিষ্ণু হওয়া দরকার।