বরিশালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন নিয়ে বিএনপির সরোয়ার ও কামাল পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সাংসদ মজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবীব কামালের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আহসান হাবীব কামাল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক বিলকিস আক্তার শিরিনের নেতৃত্বে কামালের সমর্থক বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের করেন। শোক র্যালিটি নগরের গির্জা মহল্লা, চকবাজার, কাঠপট্টি সড়ক হয়ে অভিরুচি সিনেমা হলের সামনে এলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সরোয়ারের সমর্থকেরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকে দুদিকে সরিয়ে দেয়। এ সময় উভয় পক্ষের হাতে নানা ধরনের ধারালো অস্ত্র দেখা যায়। পরে সরোয়ারের সমর্থকেরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে কামালের অনুসারীরা দলীয় কার্যালয়ের দিকে এগোতে থাকেন। সংঘর্ষ এড়াতে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রফিক আকন (৩০) ও জহিরুল ইসলাম (২০) নামে দুজন কর্মীকে আটক করে পুলিশ।আহসান হাবীব কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই পক্ষ (সরোয়ার) গত সোমবার কর্মসূচি পালন করেছে। আমরা তাতে বাধা দিইনি। আমরা আজ (গতকাল) কর্মসূচি পালন করতে গেলে তারা হামলা চালায়। এতে আমাদের দুজন কর্মী আহত হয়েছে।’এ ব্যাপারে মজিবর রহমান সরোয়ার গতকাল বিকেলে বলেন, ‘সকালে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।