বরিশালে সরোয়ার-কামাল সমর্থকদের পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে বরিশালে দলটির দুটি অংশ পৃথক কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার বরিশাল নগরের দুটি স্থানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের সমর্থকেরা আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।দুপুর ১২টায় নগরের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। অন্যদিকে বিএনপি আহসান হাবিব কামালের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা বিকেল পাঁচটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করেন।জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এসব করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না।এই সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহীন, যুবদলের একাংশের আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার প্রমুখ বক্তব্য দেন। শেষে হরতালের পক্ষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বলেন, ৬ ও ৭ জুলাইয়ের হরতাল দেশ ও গণতন্ত্র বাঁচানোর জন্য। এই হরতালকে যেকোনো মূল্যে সফল করতে হবে। এ পক্ষের সমাবেশে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আল আমিন সভাপতিত্ব করেন। এতে মুস্তাফিজুর রহমান, খাজা মো. ইকবাল, মোমেন সিকদার, মো. মঞ্জুর হোসেন, নুরুল আমীন, জাহিদুর রহমান সমির প্রমুখ বক্তব্য দেন।