বরিশালে সাংসদ সরোয়ারসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব বরিশালের সহকারী জজ আদালতে ওই মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস বিবাদীদের পরবর্তী ১৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নামে কেউ যেন দলীয় প্যাড, সই ও দলীয় কার্যালয় ব্যবহার করতে না পারে এবং পৌর কমিটির কার্যক্রমে কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে বাদীরা আদালতের নিষেধাজ্ঞা কামনা করেন।মামলার আরজিতে অভিযোগ করা হয়, বিএনপির গঠনতন্ত্র মোতাবেক ২০০৯ সালের ২৬ নভেম্বর কাউন্সিলে তাঁরা নির্বাচিত হন। কেন্দ্রীয় কমিটি ২০০৯ সালের প্রথম দিকে জেলা আহ্বায়ক কমিটি গঠন করে ওই বছরের ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই অনুযায়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অস্তিত্বহীন। তাই জেলা কমিটি গঠিত বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটিও অবৈধ।আরজিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটি ২০০৯ সালের ২৯ নভেম্বর বাকেরগঞ্জ পৌর কমিটির অনুমোদন দেয়। সে মোতাবেক পৌর কমিটির মেয়াদ শেষ হবে ২০১১ সালের ২৯ নভেম্বর। কিন্তু বিবাদীরা বেআইনিভাবে তাঁদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। বরিশাল জেলা কমিটি গঠন হয়নি এবং আহ্বায়ক কমিটির মেয়াদও নেই। তাই বিবাদীদের সিদ্ধান্ত বাতিলযোগ্য।সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, ‘মতিউর রহমান মোল্লা তাঁর নিজের অপরাধ ঢাকার জন্য ওই মামলা করেছেন। তিনি দলের গঠনতন্ত্র মানেন না। পৌর নির্বাচনের সময় তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে। আমি এখনো জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছি—উল্লেখ করে বলেন, কেন্দ্রের নির্দেশে বাকেরগঞ্জে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’