বরিশালে সাত ঘণ্টা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার সাত ঘণ্টা যান চলাচল বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে মালিক সমিতির বেশ কিছু গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এর জের ধরে গতকাল সকাল ছয়টা থেকে বরিশাল দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।ধর্মঘটের সময় বিআরটিসি বাস চলাচল করতে চাইলে শ্রমিকেরা তিনটি গাড়ি ভাঙচুর করেন। দুপুর একটার দিকে সিটি মেয়র শওকত হোসেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।জেলা বাস মালিক সমিতি জানায়, মঙ্গলবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টিতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা বাসে ব্যাপক ভাঙচুর চালায়। এ অবস্থায় রাতেই জেলা বাস মালিক সমিতির জরুরি সভায় সকাল ছয়টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুট এবং ঢাকাসহ দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে চরমোনাই মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা আখেরি মোনাজাত শেষে ফেরার পথে পড়েন বিড়ম্বনায়। গতকাল সকাল ১০টায় নথুল্লাবাদ বাস টার্মিনালে অনেক মুসল্লি জানান, তাঁরা নিজ নিজ উদ্যোগে মাহফিলে এসেছিলেন। যে যার মতো করে এসেছেন বিধায় বাস ধর্মঘটের কারণে গন্তব্যে যেতে পারছেন না। এ ছাড়া বরিশাল বিআরটিসি ডিপো থেকে বিভিন্ন রুটের কয়েকটি বাস ছেড়ে যাওয়ার সময় তিনটি বাস ভাঙচুর করেন শ্রমিকেরা। এরপর বিআরটিসিও বন্ধ হয়ে যায়।বিআরটিসির বরিশাল ডিপো ব্যবস্থাপক আবদুর রহিম জানান, সকালে মুন্সিগঞ্জ ও কাওরাকান্দি যাওয়ার সময় শ্রমিকেরা তিনটি বাস ভাঙচুর করেন। পরে তাঁরা বিআরটিসি বাস বন্ধ করে দেন। এ ব্যাপারে বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, মেয়র শওকত হোসেন বাস ভাঙচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের ফেরার দুর্ভোগের কথা তুলে ধরে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। এ অবস্থায় আগামী তিন দিনের মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।