পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী হয়রানি ও দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে তাদের। নগরবাসীর সার্বক্ষণিক নিরাপত্তায় ৬২১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
গতকাল সোমবার দুপুরে পুলিশের উপকমিশনার (ট্রাফিক) কার্যালয়ে বাস মালিক সমিতি ও মাহেন্দ্র, ইজিবাইক, টেম্পো মালিক শ্রমিক সমিতির সঙ্গে বৈঠক করে মহানগর পুলিশ। সেখানেই এসব সিদ্ধান্ত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।
এর আগে রোববার এই তিন পক্ষের সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠক হয়। মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ওই সভায়ও একই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষরা।
মহানগর পুলিশ কমিশনার গতকাল বলেন, ঈদে যাত্রীদের হয়রানি বা কোনো ধরনের দুর্ভোগ সহ্য করা হবে না। যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা যাতে অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে না পড়েন, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। বরিশাল নৌবন্দর ও বাস টার্মিনালে বিশেষ নজরদারি থাকবে। সার্বিক নিরাপত্তায় থাকবেন ৬২১ জন পুলিশ সদস্য। তিনি বলেন, ঈদে নগরের মধ্যে সব ধরনের যান চলাচল করতে পারবে। তাতে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে।