বরিশালে সিটি কাউন্সিলর গ্রেপ্তার
বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপির নেতা সৈয়দ জামাল হোসেন নোমানকে গতকাল মঙ্গলবার চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত সোমবার রাতে তাঁর কার্যালয়ে একটি সালিস বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় কাউন্সিলর কার্যালয় ভাঙচুর হয়।এদিকে নোমানের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি রোডের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। নোমানের সমর্থকেরা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিএনপিপন্থী কাউন্সিলররা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন।এলাকাবাসী সূত্র জানায়, নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি-লাইন রোডের একদল যুবকের সঙ্গে পদ্মাবতী এলাকার একদল যুবকের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত রোববার বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য ও কাউন্সিলর নোমানের কয়েকজন সমর্থক পদ্মাবতী এলাকার দিনমজুর আসাদুলকে মারধর করে নগদ টাকাসহ মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গত সোমবার রাত ১০টার দিকে কাউন্সিলরের কার্যালয়ে সালিস বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আসাদুলের পরিবার সেখানে হট্টগোল শুরু করে। এ সময় কিছু লোক আসাদুলের পরিবারের লোকজনকে কাউন্সিলর কার্যালয়ে আটকে মারধর করে। এ খবর পেয়ে পদ্মাবতী এলাকার বিক্ষুব্ধ লোকজন এসে কাউন্সিলরের কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।পরে পদ্মাবতীর বাসিন্দা জেলা যুবলীগের সদস্য কবির ঢালীর নেতৃত্বে গভীর রাতে কাউন্সিলর নোমানের বিরুদ্ধে মিছিল বের হয়। এ সময় নোমান তাঁর কার্যালয়ে ভাঙচুরের ব্যাপারে সাধারণ ডায়েরি করার জন্য কোতোয়ালি থানায় যান। খবর পেয়ে কবির ঢালীর নেতৃত্বে বের হওয়া মিছিল কোতোয়ালি থানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। পুলিশ তখন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাতে নোমানকে থানায় অবস্থান করতে বলে।পরে গতকাল মঙ্গলবার সকালে নোমানকে আসাদুলের বাবা সোহরাব হোসেনের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় নোমানের সঙ্গে থাকা আরিফুল ইসলাম, শাহান, শেখ রাসেল ও আনোয়ার হোসেন নামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল নোমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার বলেন, নোমানের বিরুদ্ধে মামলা হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।