বরিশালে সেই কুতুব রানার আত্মসমর্পণ
দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থাকার পর বরিশাল ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ মাসুদউদ্দিন রানা ওরফে কুতুব রানা আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-৫-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মঞ্জুরুল হোসেন তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলাসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১০ অক্টোবর তৎকালীন বিএনপির সাধারণ সম্পাদক এবায়েদুল হকের বাসভবনে কুতুব রানার নেতৃত্বে হামলা হয়। ওই বাড়িতে থাকতেন এবায়দুল হকের আত্মীয় আমানতগঞ্জের বাসিন্দা ফরিদা বেগম। হামলার পর ভাঙচুর ও ১১ লাখ টাকার মাল লুট করার অভিযোগে রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন ফরিদা বেগম। কুতুব রানা পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে ২০০৩ সালের ১৮ সেপ্টেম্বর মামলার সব আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।