ব্রজমোহন কলেজের (বিএম) ছাত্রী ও প্রথম আলো বন্ধুসভার সদস্যকে মারধরকারী বখাটে যুবক মাহমুদ করিমকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে বরিশালের আমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এলাকাবাসী জানায়, গত ২৯ জুন ওই ছাত্রী অটোরিকশায় করে নগরের সদর রোডে আসার পথে মাহমুদ করিম গাড়ির মধ্যে ধূমপান করতে থাকেন। এ সময় ওই ছাত্রী মাহমুদকে ধূমপান না করার অনুরোধ করেন। এতে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে ওই ছাত্রী তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করার কথা বললে তিনি তাঁকে থাপড় মারেন। পরে মাহমুদ তাঁকে নগরের বাংলাবাজার এলাকায় সড়কের ওপর নামিয়ে মারধর করেন।এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদসহ বরিশালের বিভিন্ন সংগঠন আন্দোলন করে ও বরিশাল মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদের কাছে স্মারকলিপি দেয়। একই সঙ্গে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।