বরিশালে সেফহোমে বন্ধুসভার ইফতার পোশাক বিতরণ
বরিশালে সমাজসেবা অধিদপ্তরের নিরাপত্তা হেফাজতে (সেফহোম) থাকা কিশোর-কিশোরী এবং শান্তিনিবাসের বৃদ্ধাদের জন্য গত রোববার ইফতারের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এর আগে শান্তিনিবাসের ১২ বৃদ্ধার হাতে ঈদের নতুন কাপড় তুলে দেওয়া হয়। এতে সহযোগিতা করে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।
নগরের আমতলা মোড়ে সমাজসেবা অধিদপ্তরের সেফহোম মিলনায়তনে এ অনুষ্ঠানে সেফহোমের শতাধিক নিবাসী এবং বন্ধুসভার সদস্য ছাড়াও সমাজসেবা অধিদপ্তর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেফহোমে থাকা এক কিশোরী বলে, ‘প্রতিদিন কোনোরকমে ইফতার করি। কিন্তু আজ একটি ব্যতিক্রমী ইফতার আয়োজনের অংশীদার হলাম। এত নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হলাম। এ ঘটনা আমাদের অনেক দিন মনে থাকবে।’
ইফতারের আগে শান্তিনিবাসের ছয় বৃদ্ধার হাতে ঈদের নতুন কাপড় তুলে দেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন। পরে বন্ধুসভার বন্ধুরা আরও ছয় বৃদ্ধার হাতে নতুন কাপড় তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক শ্যামল সেনগুপ্ত, প্রবেশন কর্মকর্তা সাজ্জাত পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিলরুবা রইসী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা ঊর্মি, বন্ধুসভার সভাপতি আশিক রহমান, সহসভাপতি তন্ময় কুমার, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ।