বরিশালে স্কুল ব্যাংকিং মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আট লাখ শিক্ষার্থী ব্যাংকিং সেবার আওতায় এসেছে। তাদের সঞ্চয় প্রায় ৭৫০ কোটি টাকা। ভবিষ্যতে ব্যাংকিং খাতে বড় ভূমিকা রাখবে শিক্ষার্থীরা। বরিশালে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় নগরের কবি জীবনানন্দ দাশ সড়কে বাংলাদেশ ব্যাংক চত্বরে স্কুল ব্যাংকিং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস। স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধার আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। বরিশাল অঞ্চলের ৩৭টি ব্যাংক তাদের সেবা নিয়ে মেলায় অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। মেলায় বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকা সরকারি ও বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে স্কুল ব্যাংকিংয়ের নানা সুবিধা সম্পর্কে জানানো হয় শিক্ষার্থীদের। এক হাজারের বেশি শিক্ষার্থী স্কুল ব্যাংকিং মেলায় অংশ নেয়।
বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক নিজামউদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে সারা দেশে আট লাখ শিক্ষার্থী তাদের নামে ব্যাংক হিসাব খুলেছে। তাদের বর্তমান সঞ্চয়ের পরিমাণ ৭৫০ কোটি টাকার বেশি, যা দিয়ে দুটি নতুন ব্যাংক খোলা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক মো. নূরুল আলম কাজী প্রমুখ।