বরিশালে স্কুলছাত্র হৃদয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে স্কুল শিক্ষার্থী হৃদয় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা। পৃথক মানববন্ধন করেছে শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মানববন্ধন থেকে হত্যাকারীদের ফাঁসি দাবি করে সহপাঠী শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সকাল ১০টায় এবং বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার মল চত্বর ও সড়কে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে গ্রেপ্তার ছয় কিশোর এবারের এসএসসি পরীক্ষার্থী। কিশোরদের পরিবার আবেদন করলে আদালতের নির্দেশে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ ও বোর্ডের কর্মকর্তারা।
অভিযুক্ত কিশোরদের গতকাল সোমবার আদালতে নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমীন বলেন, আদালত চাইলে কারাগারে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে। তবে সে ক্ষেত্রে তাদের পক্ষে আবেদন করতে হবে।
বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র সাইয়েদুর রহমান হৃদয় হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা ওই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সরকারি জিলা স্কুল, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘মেধাবী ছাত্র হৃদয় হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘ইভ টিজিং বন্ধ করুন’, ‘হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এ সময় অনেক শিক্ষার্থী আবেগতাড়িত হয়ে কাঁদতে থাকে। হৃদয়ের সহপাঠী ফাহমিদ তন্বী বলে, ‘হৃদয় সংঘর্ষে জড়ানোর মতো ছিল না। কটাক্ষ এবং শিক্ষার্থী উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে স্কুলে থেকে ডেকে খোলা মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা আর কোনো হৃদয়কে হারাতে চাই না। আমরা হৃদয় হত্যাকারীদের ফাঁসি চাই।’ বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ মানববন্ধনে ব্যস্ততম সদর রোডে যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে।
গত শনিবার সকাল ১০টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয়কে সংলগ্ন পরেশ সাগর মাঠে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে কিশোর সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।