বরিশালে স্কুলভ্যান খালে, গেল ২ শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের বহনকারী একটি বক্স ভ্যান গাড়ি সড়কের পাশের খালে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ভ্যানটিতে থাকা অপর ১০ শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের মেয়ে লামিয়া আক্তার (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে মো. আবদুল্লাহ (৭)। তারা দুজন মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের তথ্যমতে,, সকাল সাড়ে আটটার দিকে উজিরপুরের মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার ১২ থেকে ১৩ জন শিক্ষার্থীকে একটি বক্সভ্যানে করে মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছিল। মাদ্রাসাটির কাছাকাছি আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে সড়কের পাশের খালে পড়ে যায়। স্থানীয় লোকজন দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসেরা তাদের মৃত ঘোষণা করেন। ভ্যানে থাকা অপর শিক্ষার্থীরা আহত হয়। তাদের উজিরপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

দুই শিক্ষার্থীর মৃত্যুর তথ্যের নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। তবে বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উজিরপুর থানর ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় দুই শিশু মারা গেছে।