বরিশালে স্কুলের জায়গা দখল চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় মথুরানাথ পাবলিক স্কুলের জমির একাংশ পিলার গেড়ে ও কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল বুধবার কাঁটাতারের ওই বেড়া উপড়ে ফেলে দেয়।তবে এ জমির মালিকানা স্কুল কর্তৃপক্ষ ও দখলদার ব্যক্তি উভয়ই নিজেদের বলে দাবি করেছেন।স্কুলের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, স্কুল প্রতিষ্ঠার আগেই ওই সম্পত্তি স্কুলের নামে রেকর্ড করা হয়। জোর করে সেখানে পিলার স্থাপন করা হয়েছে।জানতে চাইলে দখলদার মহসিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি কারও জায়গা দখল করিনি। আমি আমার জায়গায় বেড়া দিয়েছি। সেই বেড়া প্রধান শিক্ষক ও কাউন্সিলর ছাত্রছাত্রীদের দিয়ে উপড়ে ফেলেছেন।’স্কুল কর্তৃপক্ষ জানায়, ১৯৬৮ সালে দুই একর ৮৯ শতাংশ জমির ওপর স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। স্কুলের সুবিধা ও এলাকাবাসীর স্বার্থে প্রতিষ্ঠানটির উত্তর দিকের একটা অংশ সড়ক হিসেবে ব্যবহূত হয়ে আসছে। তারা আরও জানায়, সড়কটি দখলের চেষ্টায় স্কুলের পাশেই বসবাসকারী মহসিন তালুকদার দুই মাস আগে সেখানে পিলার স্থাপন করেন। এরপর গত সোমবার তিনি ওই সড়কজুড়ে কাঁটাতারের বেড়া দেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, এ ঘটনায় গতকাল ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। খবর পেয়ে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন দ্রুত স্কুলে ছুটে যান। পরে তিনি প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মহসিন তালুকদারের কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় মহসিন তালুকদার ওই সম্পত্তি নিজের বলে দাবি করেন। এতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে কাঁটাতারের ওই বেড়া উপড়ে ফেলে।যোগাযোগ করা হলে কাউন্সিলর গাজী নঈমুল হোসেন প্রথম আলোকে জানান, প্রায় ৩০ বছর ধরে স্কুলের ওই জায়গা শিক্ষার্থী ও এলাকাবাসী ব্যবহার করে আসছে। হঠাৎ কেউ এই জায়গা নিজের বলে দাবি করলে তা তাঁর হয়ে যায় না।শহরের বগুড়া-আলেকান্দা মৌজার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ওই স্কুলের সম্পত্তি নিয়ে সমস্যা নেই, তবে কাগজপত্র না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।